ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফে চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন। তিনি স্বীকার করেছেন, ১৯৯৮ বিশ্বকাপের আগে জাতীয় দলের জন্য আকস্মিক ডোপ টেস্ট বন্ধ রাখা হয়েছিল। ‘জিদান, দ্য ক্রিয়েশন অব আ লিজেন্ড’ নামের একটি ডকুমেন্টারিতে তিনি এই কথা স্বীকার করেন। অথচ ২০১৩ সালে সিনেট কমিশনে শপথ নিয়ে দেওয়া সাক্ষ্যে তিনি এমন কোনো হস্তক্ষেপের কথা অস্বীকার করেছিলেন।
বুফে জানান, ১৯৯৭ সালে টিগনে দলের ট্রেনিং ক্যাম্পে একটি আকস্মিক পরীক্ষার পর সব খেলোয়াড় নেগেটিভ ফল পান। এরপর দল থেকে বড় ধরনের প্রতিক্রিয়া আসে। তৎকালীন কোচ এমে জাকে এবং ফরাসি ফুটবল ফেডারেশন এই পরীক্ষাগুলোকে প্রস্তুতির অহেতুক বাধা হিসেবে দেখত।
সেই সময় টিগনেতে পরীক্ষা করতে যাওয়া চিকিৎসক অ্যালাঁ গার্নিয়ে জানান, বুফে নিজেই তাকে টেস্ট বন্ধের নির্দেশ দিয়েছিলেন। গার্নিয়ে বলেন, ‘বিশ্বকাপের আগ পর্যন্ত আমার ফরাসি দলকে আর বিরক্ত করা উচিত হবে না। অর্থাৎ, কোনো আকস্মিক পরীক্ষা নয়।’
চিকিৎসকের এই সাক্ষ্যের মুখোমুখি হয়ে বুফে বলেন, ‘ডা. গার্নিয়ে যদি এমনটা বলেন, তাহলে এটাই সত্যি হতে হবে।’ তিনি স্বীকার করেন, সঠিক শব্দচয়ন মনে না থাকলেও ভাবার্থ একই ছিল। তিনি বলেন, ‘আমরা ঠিক এভাবে বলিনি, কিন্তু ফলাফল একই।’
বুফে জানান, এই সিদ্ধান্ত শুধু তার একার ছিল না, বরং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ এসেছিল বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের নিশ্চয়ই মন্ত্রণালয় থেকে নির্দেশ পাওয়া গিয়েছিল।’
বিস্ময়করভাবে, বিশ্বকাপের পরপরই বুফে ডোপবিরোধী আন্দোলনের একজন প্রধান মুখ হয়ে ওঠেন। ১৯৯৯ সালে তিনি ফ্রান্সে ডোপবিরোধী লড়াইয়ের প্রথম বড় আইন প্রণয়নে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমরা আবার লড়াই শুরু করি।’


